সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় দুজন গ্রেপ্তার

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।
গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ।
এর আগে, গতকাল সাভারে এনসিপি জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে বিস্ফোরণ ঘটানো হয়। পরে সোমবার (৬ জুলাই) রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। সন্ধ্যার পর সমাবেশ শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ ঘটানো হয়।
সমাবেশস্থলে ককটেল হামলার পর এনসিপির নেতারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। সেখানে সমাবেশে ককটেল হামলার ঘটনায় বিক্ষোভ করছেন তারা।





