logo

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি-আ.লীগপন্থি মুক্তিযোদ্ধাদের হট্টগোল

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি-আ.লীগপন্থি মুক্তিযোদ্ধাদের হট্টগোল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানের ঘটনা এটি। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য দিতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই এই হট্টগোলের সূত্রপাত।

খোঁজ নিয়ে জানা যায়, অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন। এ সময় সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক আওয়ামী লীগ নেতা বজলার রশিদ সনুসহ কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন।

এর ফলে উপস্থিত মুক্তিযোদ্ধাদের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত হস্তক্ষেপ করেন এবং অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছর তারা কথা বলার সুযোগ পাননি। বর্তমান পরিস্থিতিতে মঞ্চে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু ও তরিকুল ইসলামসহ কয়েকজন তাকে বাধা দেন। তিনি বিএনপিপন্থি হওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বক্তব্য দিতে দেওয়া হয়নি বলে দাবি তার।

অন্যদিকে সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, মুক্তিযোদ্ধাদের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। জুবায়ের আহমেদ সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। এছাড়া অন্য কিছু না।

পুরো বিষয়টি নিয়ে ভারপ্রাপ্ত ইউএনও তৌফিক আজিজ এশিয়া পোস্টকে বলেন, মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে অনুষ্ঠান পণ্ড হয়নি, বরং উদ্ভূত পরিস্থিতিতে আয়োজনটি কিছুটা সংক্ষিপ্ত করে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে।