logo
Advertisement

বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সদস্য। পেশায় তিনি একজন খামারি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বাঘোপাড়া বাজার থেকে এক নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাইফুল ইসলাম। বাড়ির কাছাকাছি পৌঁছালে তিন যুবক তার পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা রামদা দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যান তারা।

স্থানীয় লোকজন সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থল থেকে এক জোড়া জুতা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় :