ময়মনসিংহে মূল্যায়নের প্রত্যাশায় বিএনপির ‘ত্যাগী’ তিন নেত্রী

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে ময়মনসিংহে বিএনপির একাধিক নেত্রী সক্রিয় হয়ে উঠেছেন। তাদের মধ্যে তিনজনের নাম আলোচনায় রয়েছে। ইতোমধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, ত্যাগ, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করবে বিএনপি। এ জন্য মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড তুলে ধরে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে যোগাযোগও চালিয়ে যাচ্ছেন তারা।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিন চৌধুরী লিলি এবং ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি ফাহসিনা হক লীরা।
ফরিদা ইয়াসমীন পারভীন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও তৃণমূল সংগঠনে সক্রিয়। রাজপথের আন্দোলন-সংগ্রামেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
মনোনয়নপ্রত্যাশী ফরিদা ইয়াসমীন পারভীন বলেন, দলের প্রতি তার দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের মূল্যায়ন হবে বলে তিনি আশা করেন। সুযোগ পেলে নারী অধিকার ও এলাকার উন্নয়নে কাজ করবেন।
অন্যদিকে তানজিন চৌধুরী লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, অতীতে আন্দোলনে অংশ নিয়ে তিনি কারাবরণসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন এবং বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন।
তানজিন চৌধুরী লিলি বলেন, দলের আদর্শে বিশ্বাস রেখে তিনি সবসময় আন্দোলনে সক্রিয় ছিলেন। সেই অবদানের স্বীকৃতি তিনি প্রত্যাশা করেন।
আরেক মনোনয়নপ্রত্যাশী ফাহসিনা হক লীরা দীর্ঘদিন ধরে নারী শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা ও নারীর দক্ষতা উন্নয়নে কাজ করছেন। তিনি ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভাপতি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি। সম্প্রতি তিনি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি। তার বাবা এ কে ফায়জুল হক মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন।
ফাহসিনা হক লীরা বলেন, সুযোগ পেলে জাতীয় সংসদে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়নে ভূমিকা রাখতে চান।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, দলের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তাদের বিষয়টি বিবেচনায় নিয়েই মনোনয়ন দেওয়া হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপির জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে।