বড়শিতে ধরা পড়ল ১৫ কেজির কোরাল, বিক্রি ১৯ হাজার ৫০০ টাকায়

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ১৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ওই জেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকার জেলে মো. হাসান মাঝি (৪০) মাছটি ধরেন।
হাসান মাঝি বলেন, শুক্রবার একটি ছোট নৌকা নিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাট থেকে মাছ ধরতে নাফ নদীতে যাই। প্রায় এক ঘণ্টা পর জেটিঘাট-সংলগ্ন নদীতে বড়শি ফেলি। কিছুক্ষণ পর বড়শিতে শক্ত টান অনুভব করি। রশি টেনে বুঝতে পারি, বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় ১৫ মিনিট চেষ্টার পর মাছটি নৌকায় তুলতে সক্ষম হই। পরে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৫ কেজি।
হাসান মাঝি জানান, মাছটি স্থানীয় ব্যবসায়ী আতা উল্লাহর কাছে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ১৯ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন তিনি।
ব্যবসায়ী আতা উল্লাহ বলেন, দুপুরে মাছটি শাহপরীর দ্বীপ বাজারে নেওয়ার পর সেটি দেখতে ক্রেতাদের ভিড় জমে যায়। সাধারণত কোরাল মাছ প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়। তবে মাছটির আকার বড় হওয়ায় প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দাম চাওয়া হয়েছিল। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মাছটি কেনেন।
টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, নাফ নদীর কোরাল মাছ বেশ সুস্বাদু। পর্যটন মৌসুমে বড় আকারের কোরাল মাছের চাহিদা বেড়েছে। এ ছাড়া এ সময়ে সাগর ও নদীতে মাছের প্রাপ্যতাও তুলনামূলক বেশি থাকে।

