Advertisement

গ্রামে একক মেয়র প্রার্থী বাছাইয়ে ভোটের আগে ভোট

এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
গ্রামে একক মেয়র প্রার্থী বাছাইয়ে ভোটের আগে ভোট
ভোট দিচ্ছেন ভোটার। ছবি : সংগৃহীত

পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তপশিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে তার আগেই একক মেয়র প্রার্থী চূড়ান্ত করতে অভিনব এক ভোটের আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দেবগ্রামবাসী। গ্রামের এক সংগঠনের সভাপতি নির্বাচনের আড়ালেই মূলত ঠিক করা হচ্ছে আগামী পৌর নির্বাচনে দেবগ্রামের একক প্রার্থী।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টা থেকে দেবগ্রাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এই ব্যতিক্রমী ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে গ্রামের প্রায় ৩ হাজার পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ ও রুহুল আমিন খান সুমন।

গ্রামবাসী জানান, কাগজে-কলমে এটি ‘দেবগ্রাম আর্থসামাজিক উন্নয়ন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন-২০২৬’ হলেও এর মূল লক্ষ্য দেবগ্রামের ভোট ব্যাংক এক ছাতার নিচে আনা। আগামী পৌরসভা নির্বাচনে এই ভোটে বিজয়ী সভাপতিকেই গ্রামের একক মেয়র প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে সমর্থন জানানো হবে।

ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবি : সংগৃহীত
ভোট দিতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা। ছবি : সংগৃহীত

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, অতীতে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন একাধিক ব্যক্তি। তবে বিভিন্ন সময়ে গ্রামের ভোট একাধিক প্রার্থীর মধ্যে বিভক্ত হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত প্রার্থী জয়ী হতে পারেননি। এবার সেই ভোটার বিভাজন এড়াতে আগেভাগেই একজনকে বেছে নিয়ে তার পক্ষে গোটা গ্রামকে ঐক্যবদ্ধ করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, গত মে মাস থেকে এ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। গ্রামে একাধিক বৈঠকের পর একজনকে প্রধান নির্বাচন কমিশনার করে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।

নির্বাচন প্রসঙ্গে প্রার্থী মো. ফয়েজ আহমেদ বলেন, গ্রামের মানুষের জন্য কাজ করতেই আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি।

আরেক প্রার্থী শেখ আমজাদ হোসেন বাবু জানান, সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে গ্রামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।

অপর প্রার্থী রুহুল আমিন খান বলেন, গ্রামের ঐক্য ধরে রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনিও জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।