প্রকৃতির কোলে গড়ে ওঠা এক ব্যতিক্রমী শিক্ষাঙ্গন

ইট–সিমেন্টের প্রচলিত স্কুল ভবনের ধারণা থেকে বেরিয়ে প্রকৃতির সঙ্গে মিল রেখে পাঠদানের ব্যতিক্রমী এক মডেল তৈরি করেছে পাবনার চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামের ‘বড়াল বিদ্যানিকেতন’। নদী, গাছপালা আর মুক্ত হাওয়ায় শিশুদের প্রকৃতিনির্ভর শিক্ষায় গড়ে তোলার এই অনন্য উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক মর্যাদাপূর্ণ ‘আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ পুরস্কার অর্জন করেছে বিদ্যালয়টি।
২০১৯ সালের জানুয়ারিতে নিজস্ব জমি ও অর্থায়নে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন মিজানুর রহমান ও দিল আফরোজ দম্পতি। বড়াল নদীর তীরে পরিবেশ রক্ষা আন্দোলন থেকেই ব্যতিক্রমী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেন তারা। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৪৫০ জন শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ২৫ জন।
নামকরা পরিবেশবিদ ও স্থপতি ইকবাল হাবিবের নকশায় নির্মিত এই ক্যাম্পাসে কোনো ইট-কংক্রিটের আধিপত্য নেই। বিদ্যালয়ের প্রতিটি স্থাপনা এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে শিশুরা প্রকৃতির সান্নিধ্যে থেকেই শেখার সুযোগ পায়। পাঠ্যবইয়ের পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা, খেলাধুলা এবং প্রযুক্তি শিক্ষার সুযোগ রয়েছে এখানে। বিদ্যালয় প্রাঙ্গণের আম-লিচুগুলো পেকে গেলে শিক্ষকরা তা সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে ভাগ করে দেন। এছাড়া সমৃদ্ধ লাইব্রেরি ও স্বল্পমূল্যে শিক্ষা উপকরণের ব্যবস্থাও রয়েছে।

প্রকৃতিনির্ভর নকশা ও নজরকাড়া স্থাপত্যশৈলীর আন্তর্জাতিক স্বীকৃতিও মিলেছে। নান্দনিকতা, পরিবেশবান্ধব ভাবনা এবং বুদ্ধিদীপ্ত স্থাপত্য পরিকল্পনার জন্য ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস’ পুরস্কার অর্জন করেছে বিদ্যালয়টি।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তাদের স্কুলটি অন্য সাধারণ বিদ্যালয়ের তুলনায় বেশ আলাদা। খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই প্রাঙ্গণে নানা প্রজাতির ফুল, ফল ও বনজ গাছ রয়েছে, যা পড়ালেখার এক মনোরম পরিবেশ তৈরি করেছে। সুন্দর এই পরিবেশের কারণে বিদ্যালয়টি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে এবং দূর-দূরান্ত থেকে অনেকেই এটি দেখতে আসেন।
তারা আরও জানান, বিদ্যালয়ে সমৃদ্ধ একটি লাইব্রেরি রয়েছে। পাশাপাশি কম্পিউটার শিক্ষা, নাচ ও গানের প্রশিক্ষণও দেওয়া হয়। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিদ্যালয় থেকেই স্বল্পমূল্যে পাওয়া যায়। শুধু পাঠ্যবই নয়, নৈতিকতা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে জোর দেওয়ায় আলাদা করে গাইড বইয়ের প্রয়োজন হয় না। শিক্ষকেরা আন্তরিকতার সঙ্গে পাঠদান করায় শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করছে।

বিদ্যালয়টির নকশাকার স্থপতি ইকবাল হাবিব বলেন, পরিবেশ আন্দোলনের কাজের সূত্রে একসময় চাটমোহরে গিয়েছিলাম। তখন জানতে পারি, আমার সহকর্মী মিজানুর রহমান প্রত্যন্ত গ্রামে একটি স্কুল গড়ে তুলছেন। পরিদর্শনে গিয়ে দেখি, তীব্র গরমের মধ্যে টিনের ঘরে শিশুরা ক্লাস করছে। সীমিত অবকাঠামো থাকলেও শিক্ষক ও সংশ্লিষ্টদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। দৃশ্যটি আমাকে গভীরভাবে নাড়া দেয়। এরপর থেকেই বিদ্যালয়টির সঙ্গে যুক্ত হই। শুরু থেকেই ভাবনা ছিল ব্যতিক্রমী নকশায় এমন একটি স্কুল গড়ে তোলা, যা অন্যদের জন্যও দৃষ্টান্ত হয়ে উঠবে। আজকের এই রূপ সেই ভাবনারই বাস্তব প্রতিফলন।
তিনি আরও বলেন, বিদ্যালয়টি করতে খুব বেশি ব্যয় হয়নি। আন্তরিকতা ও সৃজনশীল পরিকল্পনা থাকলে সীমিত অর্থ দিয়েও দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করা সম্ভব। বড়াল বিদ্যানিকেতন তারই এক উজ্জ্বল উদাহরণ। সরকারি বিদ্যালয় নির্মাণে যে পরিমাণ অর্থ ব্যয় হয়, তার তুলনায় অনেক কম খরচে এমন মানসম্পন্ন ও নান্দনিক স্থাপনা গড়ে তোলা সম্ভব।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মিজানুর রহমান বলেন, আমাদের কাছে শিক্ষা মানে শুধু পাঠ্যবই মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করা নয়। আমরা চাই, শিশুরা প্রকৃতির প্রতি মমত্ববোধ, মানবিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তা ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে বেড়ে উঠুক। সেই লক্ষ্য থেকেই বিদ্যালয়টি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলা হয়েছে। এখানে শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরেও শেখার সুযোগ রয়েছে। গাছপালা, নদী, খোলা মাঠ, পাখির ডাক আর ঋতুর পরিবর্তন—সবকিছুই শিশুদের শেখার উপকরণ।

তিনি আরও বলেন, শৈশবেই যদি শিশুদের প্রকৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যায়, তবে তারা পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝবে এবং ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর সমাজ গড়তে শুধু মেধাবী নয়, মানবিক ও সচেতন মানুষ প্রয়োজন। সেই মানুষ গড়ার ছোট্ট প্রয়াসই বড়াল বিদ্যানিকেতন। এখানে শিশুরা প্রতিযোগিতার চেয়ে সহযোগিতা, মুখস্থ বিদ্যার চেয়ে বোঝার আনন্দ এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের শিক্ষা বেশি পায়।
বড়াল বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম বলেন, আমাদের এলাকাটি দীর্ঘদিন ধরে শিক্ষায় পিছিয়ে ছিল। একজন শিক্ষিত মানুষ হিসেবে সব সময়ই ভেবেছি, কীভাবে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করা যায়। এখানকার অনেকের চিন্তাভাবনা এখনো সনাতনী। সেই বাস্তবতা বদলানোর স্বপ্ন থেকেই এই উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক দিন ধরে ভাবছিলাম, কীভাবে শিশুদের বিদ্যালয়মুখী করা যায়। তখনই মনে হলো, শুধু পাঠদান নয়, বিদ্যালয়ের পরিবেশও আকর্ষণীয় হতে হবে। তাই প্রচলিত ধারা থেকে বেরিয়ে প্রকৃতিবান্ধব অবকাঠামো, খোলামেলা পরিবেশ ও নিজস্ব পাঠ্যক্রমের সমন্বয়ে এটি গড়ে তুলেছি। এখানে শিশুরা প্রকৃতির সান্নিধ্যে আনন্দের সঙ্গে শেখার সুযোগ পায়। আমি বিশ্বাস করি, শিক্ষা মানুষের জীবন বদলে দিতে পারে। আমার স্বপ্ন, এই অবহেলিত গ্রামীণ জনপদ একদিন শিক্ষার আলোয় আলোকিত হবে। এই বিদ্যালয় সেই স্বপ্ন বাস্তবায়নের একটি দৃঢ় পদক্ষেপ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, শিশুদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে শেখার আগ্রহ বহুলাংশে বেড়ে যায়। বড়াল বিদ্যানিকেতনের এই উদ্যোগটি অন্যদের জন্যও অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক হতে পারে।
.png)






