logo

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
হত্যার শিকার স্কুলছাত্রী তাজমিন ও উদ্ধার হওয়া ব্যাগ। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা জানতে ময়নাতদন্তের সময় সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়। এই নমুনা ও তার পরিধেয় পোশাক ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনও ফরেনসিক পরীক্ষা করা হবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা লালমাই থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল ফারুক জানান, এসব আলামত ল্যাবরেটরিতে পাঠানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশার চালক মো. সুমন তাজমিনকে হত্যার আগে ধর্ষণ করে। হত্যার পর কিশোরীর ভ্যানিটি ব্যাগ থেকে আইফোন নিয়ে নিজের অটোরিকশা ফেলে অন্য একটি অটোরিকশায় করে পালিয়ে যান। সুমন মিয়া আদালতে দেওয়া জবানবন্দিতে মেয়েটিকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যার দায় স্বীকার করেন।

এদিকে তাজমিনের সঙ্গে কয়েক সপ্তাহ আগে সামাজিক মাধ্যমে পরিচয় হয় রিয়াজ উদ্দিন ওরফে রাজুর। ঘটনার আগে কক্সবাজারে গিয়ে রিয়াজের সঙ্গে ছিলেন তিনি। রোববার রাতে রাজুকে গ্রেপ্তার করে কক্সবাজার পুলিশ। সোমবার ডিবির একটি দল কক্সবাজারে গেলে সেখানকার পুলিশ রাজুকে ডিবির কাছে হস্তান্তর করে।

গত ৭ অক্টোবর বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমিন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।