Advertisement

কৃষক-ভ্যানচালকের ছদ্মবেশে ডাকাত দলের মূলহোতাকে ধরল পুলিশ

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
কৃষক-ভ্যানচালকের ছদ্মবেশে ডাকাত দলের মূলহোতাকে ধরল পুলিশ
পুলিশের হাতে গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও মুদি দোকানদারের ছদ্মবেশে পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল জোকারচর গ্রামে বিভিন্ন ছদ্মবেশে অবস্থান নেয়।

দিনভর কৌশলগতভাবে এলাকায় অবস্থানের পর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় ৫টি, নড়াইল সদর থানায় ২টি, খুলনার দিঘলিয়া থানায় ১টি এবং গোপালগঞ্জ সদর থানায় ১টিসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ অপরাধ করে আসছিলেন। তার গতিবিধির ওপর নজরদারি চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে পরিকল্পিত এ অভিযান পরিচালনা করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আরোজ আলী দীর্ঘদিন ধরে এলাকায় এবং আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। কৌশলী পরিকল্পনা ও ছদ্মবেশী অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।