সিএমপির ৬ উপপুলিশ কমিশনার পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তার কর্মস্থল বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্স থেকে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, সিএমপির উপপুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল, বিপিএম-কে উপপুলিশ কমিশনার (উত্তর) হিসেবে পদায়ন করা হয়েছে। উপপুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপপুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উপপুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেনকে বদলি করে উপপুলিশ কমিশনার (বন্দর) হিসেবে পদায়ন করা হয়েছে। উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) মোহাম্মদ আবু বকর সিদ্দিককে উপপুলিশ কমিশনার (পশ্চিম) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনকে উপপুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) বিভাগে এবং উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামকে বদলি করে উপপুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দাপ্তরিক ও মাঠপর্যায়ের কাজের সমন্বয় আরও জোরদার করতে নিয়মিত রদবদলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যে আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সব উপপুলিশ কমিশনার, সব জোনের সহকারী পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে পাঠানো হয়েছে।


