logo

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, শহরজুড়ে আতঙ্ক

কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, শহরজুড়ে আতঙ্ক

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন আগুনের তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

এদিকে, আগুন লাগার পর গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে পুরো পাম্প এলাকায়। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

সরজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে থাকা গ্যাস শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পাম্প সংলগ্ন আশপাশের এলাকার কয়েকটি বসতিও আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই পুরো কক্সবাজার শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত ও উৎসুক জনতার ভিড় এড়াতে সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ছড়িয়ে পড়া এলপি গ্যাসের কারণে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়েছিল। মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।