Advertisement

১০ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও মালিক

এশিয়া পোস্ট নিউজ, পাবনা
১০ লাখ টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও মালিক
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন কথিত এনজিওর মালিক হাসান মাহমুদ।

ভুক্তভোগীদের অভিযোগ, ‘উদয়ন প্রোডাক্ট সেলিং সার্ভিস’ নামক একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে সদস্য সংগ্রহ করে ঋণ ও বিভিন্ন মালামাল দেওয়ার আশ্বাস দেওয়া হয়। সেই প্রলোভনে অনেকেই ধারদেনা করে জামানতের টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণের জন্য অফিসে গিয়ে দেখেন তালা ঝুলতে।

সরেজমিনে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল শহীদপাড়া এলাকায় রুবেল হোসেনের একটি বাসা ভাড়া নিয়ে অফিস খুলে কার্যক্রম শুরু করেন হাসান মাহমুদ। স্থানীয়ভাবে কয়েকজন নারী কর্মী নিয়োগের পাশাপাশি মহিদুল ইসলাম সানি নামের এক ব্যক্তিকে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব দেন। পরে তাদের মাধ্যমেই বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহ ও জামানত আদায় করা হয়।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মহিদুল ইসলাম সানি বলেন, প্রতিষ্ঠানটির বিষয়ে প্রথমে কোনো সন্দেহ হয়নি। চাকরিতে যোগ দেওয়ার পর সদস্য সংগ্রহের কাজ শুরু করি। হঠাৎ অফিসের জরুরি কাজের কথা বলে আমাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা থেকে ফিরে এসে দেখি অফিস বন্ধ এবং হাসান মাহমুদের কোনো খোঁজ নেই। এখন ভুক্তভোগীরা আমাকেই দায়ী করছেন, অথচ আমিও প্রতারণার শিকার।

তিনি জানান, অভিযুক্ত হাসান মাহমুদের বিরুদ্ধে ইতোমধ্যে পাকশী পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধানদাতার জন্য এক লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

বাড়ির মালিক রুবেল হোসেন বলেন, কোনো লিখিত চুক্তি ছাড়াই বাসাটি ভাড়া দিয়েছিলাম। এখন ভুক্তভোগী গ্রাহক ও প্রশাসনের নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

অভিযুক্ত হাসান মাহমুদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, কথিত এনজিওর মাধ্যমে প্রতারণার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :পাবনা