logo

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে পুলিশ। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওই বাসার দরজা ভেঙে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত শেফালী বেগম তেঘরিয়া কালীমন্দিরসংলগ্ন মিলন খানের বাড়ির একটি ভাড়া বাসায় ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয়-সাত মাস আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এ ছাড়া তিনি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ছেলের স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় বাসায় একা ছিলেন শেফালী। শনিবার বাসায় ফিরে ঘর থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানান তার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করেন।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নাঈম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।