logo

প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে মাটি কাটায় যুবকের ২ মাসের কারাদণ্ড

প্রতিবেশীর বাড়ি ঝুঁকিতে ফেলে মাটি কাটায় যুবকের ২ মাসের কারাদণ্ড
লালমনিরহাটের কালীগঞ্জের তুষভাণ্ডারে অবৈধভাবে গভীর গর্ত করে মাটি কাটার স্থান পরিদর্শন করছেন ইউএনও সাইফুল ইসলাম (বামে) এবং প্রতিবেশীর বসতবাড়ির সীমানা ঘেঁষে মাটি কাটার দৃশ্য (ডানে)। ছবি : এশিয়া পোস্ট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে গভীর গর্ত খুঁড়ে প্রতিবেশীর বসতবাড়ি ঝুঁকিতে ফেলার অভিযোগে শাহীন আলম (৪৫) নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই রায় দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সাজাপ্রাপ্ত শাহীন আলম ওই এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীর ক্ষতি করার উদ্দেশ্যে বসতবাড়ির সীমানা ঘেঁষে গভীর গর্ত খুঁড়ে মাটি তুলছিলেন শাহীন আলম। এতে সীমানা লাগোয়া বসতবাড়িটি মারাত্মক ঝুঁকিতে পড়লে প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত আবেদন জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গর্ত না করতে এবং মাটি কাটা বন্ধে ইউএনওর নির্দেশে তুষভাণ্ডার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা একাধিকবার ঘটনাস্থলে গিয়ে তাকে নিষেধ করেন। তবে প্রশাসনিক সেই নিষেধাজ্ঞা অমান্য করেই গভীর গর্ত খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছিলেন শাহীন আলম।

অবশেষে পুলিশ নিয়ে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এ সময় অবৈধভাবে মাটি কেটে প্রতিবেশীর ঘরবাড়ি ঝুঁকিতে ফেলার বিষয়টি স্বীকার করে নিলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত শাহীন আলমকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।