মন্দিরে পূজা দিতে গিয়ে ট্রাকচাপায় শিশু নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির সদস্যদের সঙ্গে মন্দিরে পূজা দিতে গিয়েছিল পাঁচ বছরের বয়সি শিশু সূর্য চন্দ্র রায়। এ সময় মন্দিরের সামনে সড়কে দাঁড়িয়ে ছিল সে। পরে আরেকটি শিশুসহ রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বোয়ালিমারী বাজারের পাশে মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য চন্দ্র রায় উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বোয়ালিমারী এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। ছয় মাস আগে বিদ্যুতায়িত হয়ে সূর্যের মা মারা যান।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বোয়ালিমারী বাজারের পাশে মন্দিরে বাড়ির লোকজনদের সঙ্গে মন্দিরে পূজা দিতে যায় পাঁচ বছর বয়সি সূর্য চন্দ্র রায়। এ সময় মন্দিরের মূল গেট তালাবদ্ধ থাকায় একজন চাবি আনতে যান পুরোহিতের বাসায়। আর মন্দিরের সামনে মিলগেট-মাড়েয়া সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল সূর্যসহ পূজা দিতে যাওয়া লোকজন।
এ সময় বালুবাহী একটি ট্রাক তেপুকুরিয়া বাজার থেকে মাড়েয়ার দিকে যাচ্ছিল। তবে ট্রাকটি হর্ন দিলেও ঢোলের বাদ্যের কারণে শুনতে পায়নি লোকজন। হঠাৎ করে ট্রাকের সামনে দিয়ে আরেক শিশুর দেখাদেখি সূর্যও রাস্তা পার হতে শুরু করে। সেই শিশুটি পার হয়ে গেলেও সূর্য ট্রাকের নিচে পড়ে যায়।
এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয় সূর্য। পরে স্থানীয়দের সহযোগিতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সূর্যকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মরদেহ সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে নিহতের স্বজনেরা এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। যদি তারা থানায় অভিযোগ বা মামলা করেন, তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





