জামালপুরে অবৈধ মজুত ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার দায়ে দুলাল নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার গুদাম থেকে জব্দ করা ৭২ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার বগারচর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বগারচর ইউনিয়নের একটি অনুমোদনহীন গুদামে সার মজুদ করে রাখার খবর পায় প্রশাসন। পরে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়।
অভিযানের সময় সার মজুদের বৈধ কোনো লাইসেন্স বা অনুমোদন দেখাতে না পারায় দুলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসন তৎপর রয়েছে। অনুমোদন বা লাইসেন্স ছাড়া কেউ সার মজুত, পরিবহন কিংবা বিক্রি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



