পুশইন চেষ্টা ব্যর্থ/চার দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কুষ্টিয়া প্রাগপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। চার দিন সীমান্তে অচলাবস্থার পর অবশেষে বিজিবির দৃঢ় অবস্থানের কারণে পুশইনের চেষ্টা করা ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ।
গত ১২ জুন ভোর ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের প্রাগপুর সীমান্ত এলাকা দিয়ে বিএসএফের রানীনগর ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ, চারজন নারী ও চার শিশুকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। বিজিবির গোয়েন্দা তথ্য ও সীমান্তে নিয়োজিত টহল দলের কঠোর সতর্ক অবস্থানের ফলে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে প্রাগপুর বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এই চেষ্টা প্রতিহত করে।
ঘটনার পর গত ১৩ জুন বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিএসএফের ওই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়।
পুশইন চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই ১২ জন গত ১২ জুন থেকে ১৫ জুন চার দিন সীমান্তে কাঁটাতারের বেড়ার বাইরে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে বিজিবি ওই এলাকায় টহল জোরদার করে। এ সময় প্রাগপুর এলাকার সীমান্তবর্তী বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করেন।
বিজিবির এই অনড় অবস্থানের মুখে আজ ১১ ব্যাটালিয়ন বিএসএফের ডেপুটি কমান্ডেন্ট এবং রানীনগর বিএসএফের কোম্পানি কমান্ডার সীমান্তের শূন্যরেখায় বিজিবিকে বৈঠকের আহ্বান জানান। বিজিবি অবিলম্বে ওই ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জোরালো অনুরোধ জানায়।
এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে বিজিবির উপস্থিতিতে ওই ১২ জনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
