গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের আশ্বাস দিয়ে নৌকায় করে মেঘনার চরে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) রায়পুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।
আসামিরা হলেন—রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামের ইসমাইল মিজির ছেলে ট্রলারমাঝি আবদুর রহমান (৩৫) ও তার ভাই মহিমা (২৫)। তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে মুন্সীগঞ্জের এক যুবকের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। তিন বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে মেঘনার চরে সয়াবিন আনা-নেওয়ার কাজে যাতায়াতের সুবাদে ট্রলারমাঝি আবদুর রহমানের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে নদীতে ঘোরানোর কথা বলে আবদুর রহমান ওই নারীকে নৌকায় করে মেঘনার চরঘাসিয়ার চান্দার খালে নিয়ে যান। সেখানে তার হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগীর চিকিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আবদুর রহমানকে আটক করে ইউপি সদস্য হানিফ দেওয়ানের বাড়িতে নিয়ে যান। সেখানে ভুক্তভোগী নারী বিয়ের দাবি জানালে আবদুর রহমান ও তার ভাই মহিমা তাকে লাঠি দিয়ে বেদম মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় পর্যায়ে সঠিক প্রতিকার না পেয়ে বুধবার রায়পুর থানায় ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন তিনি।
মামলা দায়েরের পর একই দিন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন। বর্তমানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, বিয়ের আশ্বাসে ঘুরতে নিয়ে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীকে মারধরের বিষয়টিও এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


