সিলেট ছাড়লেন প্রধানমন্ত্রী

সিলেট ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) রাত ৭টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ইউএস বাংলার একটি উড়োজাহাজে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে বিমানপথে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে সার্বক্ষণিক সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সকালে সিলেটে পৌঁছে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজের দলীয় পতাকায় মোড়ানো বাসযোগে প্রথমে তিনি হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যান। বেলা ১১টায় প্রধানমন্ত্রী নগরের কিনব্রিজ-সংলগ্ন চাঁদনিঘাটের সিঁড়ি এলাকায় সুরমার দুই তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন তিনি। তিনি সিলেটের নানা সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ, স্বাস্থ্য, সড়ক ও রেলপথ এবং আইটিসহ কর্মসংস্থানে যেসব কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে, এর বর্ণনা দেন।
দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল (নদী) ২৩ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার খাবারের তালিকায় ছিল সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা দিয়ে রান্না করা গরুর গোশত ও স্থানীয় হাওরের ছোট মাছ।
বিকেল সাড়ে তিনটায় দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন করতে সিলেট জেলা স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বক্তৃতায় তিনি শিশু-কিশোরদের আগামীর দেশ পরিচালনায় তৈরি হওয়ার আহ্বান জানান এবং খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোনিবেশ করার উপদেশ দেন।
প্রত্যেকের আগ্রহের জায়গায় প্রতিভা বিকাশে সরকারের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সন্ধ্যায় সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।