এবার ফটিকছড়ি উত্তর উপজেলায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে উত্তরাঞ্চলের তিন ইউনিয়নে আগামী রোববার (২৬ জুলাই) থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে 'উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ'। এই কর্মসূচির আওতায় থাকবে ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সম্মেলনে পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ইউপি চেয়ারম্যান একরামুল হক বাবুল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে বর্তমান ফটিকছড়ি উপজেলা সদরের নিকটবর্তী পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে না।
তিনি আরও জানান, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধ পালিত হবে। তবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম সমন্বয়ক মো. আবুল খায়ের, নুরুল আমিন আজাদ ও জসিম উদ্দিন মেম্বারসহ পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
.png)






