logo

জামালপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জামালপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জামালপুরে পৌর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার রবিউল ইসলাম আকন্দ জানান, রাত সাড়ে এগারোটার দিকে একটি ফোন কলের মাধ্যমে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসটি আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শুভ বলেন, এক পরিবহন শ্রমিকের ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। আগুন লাগার কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও সময় লাগবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।