logo

ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা

ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের নামে মামলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দুই যুবক নিহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পুলিশ বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় এই মামলা করে। মামলার প্রধান আসামি করা হয়েছে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদ রানা টিপুকে। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। তিনি জানান, চরবাগডাঙ্গার ফাটাপাড়ায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলাটি করা হয়েছে। এই ঘটনায় আহত তিনজন পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

গত শনিবার ভোরে বিকট বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়া গ্রামের জিহাদ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধামার মোড় এলাকার আল আমিন। বিস্ফোরণে তাদের শরীর ও মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা কঠিন ছিল। পরে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের পরিচয় নিশ্চিত করে।

বিস্ফোরণে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের মো. মিনহাজ, মো. বজলুর রহমান ও রানীহাটি ইউনিয়নের উপরধুমি গ্রামের মো. শুভ। তাদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। শরীরের অধিকাংশ অংশ দগ্ধ এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।