প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজারে ৯২ চা বাগান বন্ধ ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার (১৭ জুন) মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগান বন্ধ থাকবে। একইসঙ্গে অনেক চা শ্রমিকের সাপ্তাহিক তলব (মজুরি) আগাম প্রদান করা হয়েছে।
জেলার চা বাগানগুলোর সূত্র জানিয়েছে, বুধবার মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গলে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে চা শ্রমিকদের অনুষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে বাগানগুলোতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটির ক্ষতিপূরণ হিসেবে শ্রমিকেরা আগামী রোববার (সাপ্তাহিক ছুটির দিন) বাগানে কাজ করবেন।
চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের তিনটি চা বাগান আগামীকাল বুধবার বন্ধ থাকবে। বুধবারের ছুটির পরিবর্তে শ্রমিকেরা আগামী রোববার কাজ করবেন। আমরা ইতিমধ্যে শ্রমিকদের সাপ্তাহিক মজুরিও বুঝিয়ে দিয়েছি।
এ বিষয়ে ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আমাদের পাঁচটি বাগানসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সকল চা বাগান বুধবার বন্ধ থাকবে। চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে নির্বিঘ্নে উপস্থিত হতে পারেন, মূলত সেজন্যই বাগানগুলো একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সদস্য ও সাবেক উপদেষ্টা রামভজন কৈরি এশিয়া পোস্টকে বলেন, রাত পোহালেই চায়ের রাজ্য মৌলভীবাজারে আসছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে যেন চা শ্রমিকরা এক নজর দেখতে পারেন, সেজন্য জেলার ৯২টি চা বাগান বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী, চা শ্রমিকদের ভুমির অধিকার বাস্তবায়ন, ন্যায্য মজুরির বিষয়ে হয়তো প্রধানমন্ত্রী কিছু বলবেন।
.png)


