বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, এবার এমন এক প্রেক্ষিতে ঈদুল আজহা আমরা উদ্যাপন করছি যখন বিশ্বের নানান জায়গায় সংকট চলছে। আমাদের দেশে নবনির্বাচিত সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজাতে আমাদের কাজে নিয়োগ করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দেশবাসীর কাছে আমরা ঈদের দিন দোয়া কামনা করি।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল স্কুল ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, এ উৎসবের মধ্য দিয়ে ত্যাগের মহিমাকে সামনে তুলে ধরা হয়। সর্বশক্তিমানের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে কীভাবে প্রস্তুতি থাকতে হয় প্রতি বছর ঈদুল আজহার মধ্য দিয়ে সেই মূল্যবোধকেই জাগ্রত করা হয়৷
পরে তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
