logo

সরকারি চাল নিয়ে ‘চালবাজি’, গুদাম কর্মকর্তা বদলি

সরকারি চাল নিয়ে ‘চালবাজি’, গুদাম কর্মকর্তা বদলি

শরীয়তপুরে সরকারি চাল পরিবহনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে সদর উপজেলার আংগারিয়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে। তাকে মুন্সিগঞ্জে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আংগারিয়া খাদ্যগুদাম থেকে একটি ট্রাকে করে সরকারি সিলযুক্ত প্রায় ৪০০ বস্তা চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। পথে পালং মডেল থানা সংলগ্ন সড়কে ট্রাকটি আটকে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ ছিল, চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরানো হচ্ছে। পরে পুলিশ ট্রাকসহ চাল থানার সামনে নিয়ে যায়। তবে রাত সাড়ে ১০টার দিকে চালগুলো সরানোর চেষ্টা হলে চৌরঙ্গী এলাকায় আবারও ট্রাকটি আটকে দেওয়া হয়। মধ্যরাতে চালগুলো গুদামে ফেরত নেওয়ার উদ্যোগ নিলে গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলম স্থানীয়দের বাধার মুখে পড়েন। পরে চালগুলো জেলা খাদ্যগুদামে নেওয়া হয়।

ঘটনার পর গুদাম কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরদিন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।

এদিকে, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের ভেতরেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, প্রশাসনিক কারণে ওই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।