ব্লেন্ডার-প্যানে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ
-fcac86-720x405.webp)
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ গোয়েন্দা অভিযানে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। রান্নাঘরের বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর মধ্যে লুকিয়ে আনা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
রোববার (১৮ অক্টোবর) সকালে আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০ চট্টগ্রামে অবতরণের পর এ অভিযান চালানো হয়।
আটক যাত্রীর নাম মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৬টার দিকে কাস্টমস হলে ওই যাত্রীর ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের নজরদারিতে সন্দেহজনক বস্তু ধরা পড়ে। পরে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের সদস্যরা যৌথভাবে ব্যাগেজ তল্লাশি করেন।
তল্লাশির সময় রান্নাঘরের বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। সামগ্রীর মধ্যে ছিল নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের ভেজিটেবল ব্লেন্ডার ও ডিশ র্যাক। এ ছাড়া ওই যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের ওজন ৫৬৬ গ্রাম।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা দায়ের এবং তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈদেশিক মুদ্রা পাচার ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

