Advertisement

দুই সপ্তাহ না পেরোতেই চুয়েটের একই পুকুরে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
দুই সপ্তাহ না পেরোতেই চুয়েটের একই পুকুরে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু
চমক দত্ত ও শান্ত দেব। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। তারা দুজনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শান্ত ও চমক। গোসলের একপর্যায়ে দুপুর দেড়টার দিকে তারা পানিতে তলিয়ে যান। বিষয়টি অন্য শিক্ষার্থীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় ১০ মিনিটের চেষ্টায় চমককে উদ্ধার করা সম্ভব হলেও শান্ত দেবকে উদ্ধারে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

পরে আশঙ্কাজনক অবস্থায় দুই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই পুকুরে পরপর তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুরো চুয়েট ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একের পর এক ডুবে মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহত দুই শিক্ষার্থীর মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে দুটি বাসের ব্যবস্থা করা হচ্ছে। এসব বাসে নিহতদের স্বজনদের পাশাপাশি সহপাঠী ও অন্য শিক্ষার্থীরাও সঙ্গে যেতে পারবেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, নিহতদের স্বজন ও পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তাদের ইচ্ছা ও সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ও আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।