বগুড়ায় ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান, সড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় ডিসি কার্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান, সড়ক অবরোধ
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি : এশিয়া পোস্ট

দেশের বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বগুড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের সাতমাথা এলাকায় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা জড়ো হয়ে এই আন্দোলন শুরু করেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়ে স্থবির হয়ে পড়ে পুরো বগুড়া শহর। পরে বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথা এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন এবং সেখানে অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি চলছিল।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—দেশের সামগ্রিক দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের (১৩ জুলাই) পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে দেশের অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এই অবস্থায় পরীক্ষা নেওয়া সম্পূর্ণ অন্যায়। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কয়েকজন প্রতিনিধি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করছেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে, সোমবার ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশের অন্যান্য জেলার মতো বগুড়াতেও আজ রাজপথে নামেন এইচএসসি পরীক্ষার্থীরা।

বিষয় :বগুড়া