logo
Advertisement

মাগুরায় সার নিয়ে সিন্ডিকেট, দুই ব্যবসায়ী গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মাগুরা
মাগুরায় সার নিয়ে সিন্ডিকেট, দুই ব্যবসায়ী গ্রেপ্তার
অবৈধভাবে সার মজুত করার গ্রেপ্তার হওয়া দুই ব্যবসায়ী। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তোলা। ছবি: এশিয়া পোস্ট

মাগুরার শ্রীপুর উপজেলায় সার অবৈধভাবে মজুত ও কালোবাজারির অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাদের বাড়ি ও গুদাম থেকে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

রোববার অবৈধ মজুত ৩২৮ বস্তা সার জব্দ শিরোনামে এশিয়া পোস্টে নিউজ প্রকাশিত হয়েছিল। নিউজ প্রকাশিত হওয়ার পর ওই দুই সার ব্যবসায়ী শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দারকে পুলিশ আটক করে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর ২৫(১) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা করা হয়। রোববার করা মামলাটিতে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ তিনজনকে আসামি করা হয়েছে। মামলার পর লাঙ্গলবান্ধ ও কোদলা এলাকায় অভিযান চালায় পুলিশ।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারের অবৈধ মজুত ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার অবৈধভাবে মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা কালোবাজারির মাধ্যমে বিক্রির বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।