নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতি, বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যা

গাজীপুরে এক নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতিতে বাধা দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) আনুমানিক রাত ২টার দিকে সদর উপজেলার পিরুজালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার (৫৫) ওই এলাকার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান একটি স্থানীয় কারখানায় এবং তার ছেলে নাজমূল সাকিব পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। মঙ্গলবার রাতের কোনো একসময় তারা কর্মস্থলে ছিলেন। রাত প্রায় ২টার দিকে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা পুত্রবধূ আরিফা আক্তারকে হাত-পা বেঁধে ফেলে ডাকাত দল। পরে আসমা আক্তার বাধা দিলে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ডাকাতরা ঘর থেকে নগদ প্রায় তিন লাখ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এদিন সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘটনাটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, মধ্যরাতে নৈশপ্রহরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে শুনেছি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কর বলেন, ঘটনাটি ডাকাতি নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।