চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গার পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসির উদ্দীন আলুকদিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
অন্যদিকে, একই দিন ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম ওরফে বরু নামে এক যুবক। তিনি দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মরহুম সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন।



