Advertisement

কিশোরগঞ্জে মাছের খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে মাছের খামার থেকে সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার হওয়া অনিক মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাছের খামার থেকে অনিক মিয়া নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন অনিক মিয়া। দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে কৃষিকাজে যুক্ত হন। পরে দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি মাছের খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খামারের পুকুরে জাল ফেলে তল্লাশি চালানো হয়। ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।