জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর

জামালপুরের নরুন্দি এলাকায় চলন্ত কমিউটর ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটর ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
