কচুয়ায় মাদকসহ ইউএনওর নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিরাপত্তারক্ষী আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।
এর আগে মঙ্গলবার কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস্য আড়ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত শাহ মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ির এলাকার শাহ আলমের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ডিউটি শেষ করে কড়ইয়া মাছের আড়ত যায় মনির। স্থানীয় লোকজনের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা পাওয়া যায়। পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ তাকে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
