সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের লক্ষ্য: স্বাস্থ্যসচিব

দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং ইতোমধ্যে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। স্বাস্থ্যসেবা এখন আর কেবল শহরকেন্দ্রিক নয়, গ্রাম পর্যায় পর্যন্ত আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে এ সরকার। দেশের প্রতিটি মানুষ যাতে আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। সরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত করার ঘোষণাও দেন সচিব।
রোববার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন অবকাঠামো, চিকিৎসা সেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও জনবল সংকটসহ নানা বিষয়ে খোঁজখবর নেন এবং পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা।