logo

সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে আটক ৩ বাংলাদেশি 

সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়ে আটক ৩ বাংলাদেশি 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর গরু চোরাচালানের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের শামসুল শেখের ছেলে মো. জসিম (৩০), একই এলাকার মফিজুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৭) এবং বাগডাঙ্গা-সুন্দরপুর গ্রামের মতিউর আলীর ছেলে রাকিবুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত এলাকা দিয়ে প্রায় ৫০ জনের একটি দল গরু আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। দলটি সীমান্ত পেরিয়ে ভারতের রঘুনাথগঞ্জের মহালদারপাড়া-রামপুর মহল্লায় পৌঁছালে ভারতীয় পুলিশের নজরে আসে। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়।

আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে জানান, আটককৃতরা মূলত গরু চোরাচালানের উদ্দেশ্যেই ভারতে অনুপ্রবেশ করেছিলেন। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। আটকদের পরিবারের সদস্যরা বিজিবির কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি।