নোয়াখালীতে পুকুরে অজু করতে গিয়ে ডুবে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে অজু করতে গিয়ে পুকুরের পড়ে আলী আকবর (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পুকুরে ভাসতে থাকা জুতার সূত্র ধরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। উপজেলার চরজব্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বর গ্রামের দ্বীন মোহাম্মদের বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলী আকবর ওই বাড়ির মৃত দ্বীন মোহাম্মদের ছেলে।
সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া এশিয়া পোস্টকে জানান, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরঘাটে অজু করতে যান আলী আকবর। এক পর্যায়ে তিনি পুকুরে পড়ে গিয়ে ডুবে যান। সকালে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে পুকুরে তার একটি জুতা ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টা তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়া হবে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



