logo
Advertisement

কুষ্টিয়ায় অস্ত্র-ককটেলসহ যুবক আটক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুষ্টিয়া
কুষ্টিয়ায় অস্ত্র-ককটেলসহ যুবক আটক
উদ্ধার হওয়া অস্ত্র। ছবি : এশিয়া পোস্ট

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী এলাকাবাসীর প্রতিরোধের মুখে একটি বিদেশি পিস্তল, রামদা ও ককটেলসহ রকি হোসেন (২২) নামে এক যুবক আটক হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। আটকের সময় ধাওয়া করতে গিয়ে আহত হয় রকি।

Advertisement

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক রকি হোসেন ওই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। মাদকমুক্ত এলাকা গড়ার দাবিতে শুক্রবার রাতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮টার দিকে সিরাজনগরের একটি বাঁশবাগানে মাদক কেনাবেচা ও সেবনের খবর পেয়ে সেখানে জড়ো হন এলাকাবাসী। এ সময় স্থানীয়দের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করতে রকি ও তার সহযোগীরা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

তবে গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণ উপেক্ষা করে তাদের ধাওয়া দেন এলাকাবাসী। একপর্যায়ে রকির সহযোগীরা পালিয়ে গেলেও স্থানীয়রা রকিকে ধরে গণধোলাই দেন।

পুলিশ জানায়, আটকের পর রকির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, রামদা ও একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসা শেষে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র ও ককটেলসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।