logo

নাট খুলতে গিয়ে খালে ধসে পড়ল সেতু, ক্ষতিগ্রস্ত ইটবোঝাই বাল্কহেড

নাট খুলতে গিয়ে খালে ধসে পড়ল সেতু, ক্ষতিগ্রস্ত ইটবোঝাই বাল্কহেড
ইটবোঝাই বাল্কহেডের ওপর ধসে পড়া বেইলি সেতু। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় খিরাই নদের ওপর নির্মিত পুরোনো একটি বেইলি সেতুর নাট খুলে অপসারণের কাজ চলাকালে সেটি খালে ধসে পড়েছে।

এ সময় সেতুর নিচ দিয়ে চলাচলরত ইটবোঝাই একটি বাল্কহেডের ওপর সেতুর অংশ ভেঙে পড়লে নৌযানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনায় রাব্বি নামে একজন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নতুন সেতু নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে পুরোনো বেইলি সেতু অপসারণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সেতু ধসে পড়ার পর দাউদকান্দিসহ আশপাশের কয়েকটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।

রোববার (২ আগস্ট) বাল্কহেডে থাকা শ্রমিক কাশেম মিয়া জানান, দুর্ঘটনার সময় সবাই দ্রুত সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগে থাকা পোশাকসহ প্রয়োজনীয় মালামাল নদীতে হারিয়ে গেছে।

বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী এশিয়া পোস্টকে জানান, ঢাকার জিঞ্জিরা থেকে প্রায় ৪০ হাজার ইট নিয়ে শনিবার ভোরে তারা যাত্রা শুরু করেন। সন্ধ্যায় খামারপাড়া বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে পুরো সেতুর অংশ বাল্কহেডের ওপর ভেঙে পড়ে। এতে নৌযানটির প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বর্ষা ও অতিবৃষ্টির কারণে বেইলি সেতুর পাটাতন মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছিল। মাঝেমধ্যে পাটাতন দেবে গিয়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু স্থায়ীভাবে সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।

সেতু ধসে পড়ায় দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহার করতে হওয়ায় সময় ও ভোগান্তি বেড়েছে।

নতুন সেতু নির্মাণকাজে নিয়োজিত একে আমিন ডেভেলপমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ব্রিজের নাট খুলে অংশগুলো আলাদা করার কাজ চলছিল। একপর্যায়ে একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এটি নতুন সেতু নির্মাণ প্রকল্পের অংশ। পুরোনো বেইলি সেতু খুলে ফেলার কাজ চলাকালে সেটি খালে ধসে পড়ে। এ ঘটনায় রাব্বি নামে একজন শ্রমিক আহত হয়েছেন। আমিন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটি কাজটি বাস্তবায়ন করছে।