logo

ফেনীতে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ সিলগালা

ফেনীতে রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ সিলগালা
ফেনীর মানারাত হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

ফেনীর ছাগলনাইয়ায় মানারাত হাসপাতাল অ্যান্ড কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারের অস্ত্রোপচার বিভাগ বন্ধ (সিলগালা) করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

হাসপাতালটিতে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে উত্তেজনা সৃষ্টি হলে শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য বিভাগ এ ব্যবস্থা নেয়।

এর আগে, এদিন সকালে হাসপাতালটিতে ভাঙচুর চালানো হয়। এর জেরে হাসপাতালের অস্ত্রোপচার বিভাগ সিলগালা ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, হাসপাতালের অস্ত্রোপচার বিভাগে ডা. আশিক এলাহী নামে এক চিকিৎসকের তত্ত্বাবধানে ওই রোগীকে ভর্তি করানো হয়। রোগীর টনসিলের সমস্যা ছিল। তাকে হাসপাতালে আনা হলে অস্ত্রোপচার করার কথা বলা হয়। বৃহস্পতিবার রোগীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বলেন ডা. আশিক এলাহী। অস্ত্রোপচারের জন্য ২৫ হাজার টাকা বলা হয়। পরে ২৩ হাজার টাকায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, স্বজনদের মাধ্যমে রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাসপাতালে জড়ো হতে থাকেন। তারা হাসপাতালে ভাঙচুর শুরু করলে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জয়নাল আবেদীন এশিয়া পোস্টকে বলেন, রোগীটিকে বৃহস্পতিবার আমাদের এখানে ভর্তি করা হয়। পরে জানতে পারি ওষুধের রিঅ্যাকশনজনিত কারণে তিনি মারা যান। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একদল যুবক মোটরসাইকেল মহড়া দিয়ে হাসপাতালে এসে ভাঙচুর চালিয়ে তছনছ করে দেয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া এশিয়া পোস্টকে বলেন, ওই রোগীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল ভাঙচুরের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবু তাহের এশিয়া পোস্টকে জানান, প্রাথমিক তদন্তে চিকিৎসায় অবহেলা ও হাসপাতালের অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে। হাসপাতালটির অস্ত্রোপচার বিভাগ সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। ঘটনা তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।