বিমানবন্দরে কেবল চুরি করতে গিয়ে আটক, ৬ মাসের কারাদণ্ড

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইলেকট্রিক কেবলসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন ১৫ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, শনিবার সকালে ১৫ নম্বর গেট এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে এক বহিরাগতের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ ইলেকট্রিক কেবল উদ্ধার করা হয় এবং আটক করা হয়।
খবর পেয়ে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়া উদ্দিন দ্রুত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পরে তিনি বিষয়টি বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে জানান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এলাকার বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত এবং এর আগেও চুরির অভিযোগে কারাভোগ করেছেন। তথ্য-উপাত্ত যাচাই শেষে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. সোহেলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
