নদের পাড়ে গাছে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় দুধকুমার নদের পাড়ে গাছ থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের চরধাউরার কুটি হাজীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সকালে মরদেহ দেখতে পান এলাকার লোকজন। তিনি এই এলাকার বাসিন্দা নন। তাকে মেরে কেউ গাছে ঝুলিয়ে রেখে গেছে। পুলিশে খবর দিলে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন বলেন, এটি আত্মহত্যা হতে পারে। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।