Advertisement

ইবিতে ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা

এশিয়া পোস্ট নিউজ, ইবি
ইবিতে ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা
ইবিতে ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী নেতাকর্মীরা বাগ্‌বিতণ্ডায় জড়ায়। ছবি: এশিয়া পোস্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণ সভায় তীব্র বাগ্‌বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

ইবি শাখা ছাত্রশক্তির কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং প্রকৃত আন্দোলনকারীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈবিছাআ) সাবেক ও বর্তমান নেতাকর্মীরা এই প্রতিবাদ জানান।

ঘটনাসূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইবি শাখা জাতীয় ছাত্রশক্তি। এ সময় এনসিপির নেতাদের বক্তব্য চলাকালীন শাখা বৈবিছাআর সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাসের নেতৃত্বে কিছু নেতাকর্মী কেন্দ্রীয় নেতাদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান। পরে এনসিপি নেতা আলী আহসান জুনায়েদসহ অন্যরা ক্ষুব্ধ নেতাকর্মীদের আলাদাভাবে ডেকে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

ইবি বৈবিছাআর যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান আগে ছাত্রলীগ করতেন। জুলাইয়ের পরও তিনি হল দখল করে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করেন।

তিনি আরও বলেন, ফুয়াদ কেবল কেন্দ্রীয় সভাপতির কোরাম করায় পদ পেয়েছে। এ ছাড়া কমিটির সদস্যসচিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্তার ঘটনায় জড়িত। তার বিরুদ্ধে তদন্ত কমিটিও হয়েছে। জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যেহেতু এই কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রকৃত আন্দোলনকারীদের রাখা হয়নি বলে অভিযোগ জানান তিনি।

এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে যারা ক্ষুব্ধ ছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সেখানে উপস্থিত সবাইকে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী আখ্যা দিয়ে এ বিষয়ে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এরআগে, গত ৫ জুলাই বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ হাসানকে আহ্বায়ক এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেহার উদ্দিনকে সদস্য সচিব করে ইবি শাখার ছাত্রশক্তির কমিটি করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ তুলে কমিটি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন, আহ্বায়ক ফুয়াদ হাসান অভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তার নানা কর্মসূচির প্রমাণ রয়েছে। এছাড়াও, সদস্য সচিব ইফতেহারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের হুমকি ও অসদাচরণ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের ওপর হামলায় জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।