ফেনী গার্লস ক্যাডেট কলেজ/৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই জিপিএ-৫

এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্য দেখিয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবারের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। বাকি একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।
সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
কলেজ সূত্রে জানা গেছে, এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজের স্কুল শাখা থেকে ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫৫ জন এবং মানবিক বিভাগের একজন শিক্ষার্থী ছিলেন। বিজ্ঞান বিভাগের ৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫-এর সর্বোচ্চ গ্রেড পেয়েছে। এর মধ্যে ৪ জন পেয়েছে সাধারণ জিপিএ-৫। বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে মানবিক বিভাগের একমাত্র পরীক্ষার্থী ৪ দশমিক ২৮ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের ১৮তম ইনটেকের ক্যাডেটদের অভিনন্দন জানিয়েছেন অধ্যক্ষ এস এম ফয়সল পিএসসি। এ বিষয়ে এশিয়া পোস্টকে অধ্যক্ষ এস এম ফয়সল বলেন, ‘সেনাসদরের সঠিক দিকনির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, অনুষদ সদস্যদের আন্তরিক পাঠদান ও প্রেরণা এবং ক্যাডেটদের অবিরাম অধ্যবসায়ের ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।’
তিনি বলেন, ক্যাডেট কলেজে অনুসরণ করা কঠোর অনুশাসন, সুনির্দিষ্ট শৃঙ্খলা ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি একাডেমিক ক্ষেত্রেও সাফল্য এনে দেয়। নিয়মানুবর্তিতা ও একাগ্রতা বজায় রাখলে নির্ধারিত পাঠ্যক্রমের মধ্যেই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।
ক্যাডেটদের আরও সমৃদ্ধ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
.png)


