logo

চাঁপাইনবাবগঞ্জে ৩০০ বাঁশের লাঠিসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে ৩০০ বাঁশের লাঠিসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জোড়গাছি এলাকায় রাতের অন্ধকারে প্রায় ৩০০ বাঁশের লাঠি আনতে গিয়ে তিনজনকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি লোডের মোড় এলাকায় তাদের আটক করা হয়। 

আটকরা হলেন—জেলা শহরের হুজরাপুর কাজীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে আল আমিন (৩৬), উদয়ন মোড়ের আব্দল লতিফের ছেলে আল মাহমুদ (২৪), একই এলাকার জাহিদ আলীর ছেলে রাজিবুল ইসলাম (৩১)। তবে তাদের কারো রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তিন জন যুবক জোড়গাছি লোডের মোড় এলাকায় একটি বাঁশ বিক্রির দোকান থেকে বাঁশের তিন শতাধিক লাঠি আনতে গেলে আটক করা হয় তাদের। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তাদের আটক করে এবং বাঁশের লাঠি নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম এশিয়া পোস্টকে জানান, এলাকাবাসী তিনজনকে বাঁশের লাঠিসহ অবরুদ্ধ করে। এ ঘটনায় তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।