logo

ডা. মনীষার নির্বাচনি অফিস নির্মাণে বাধার অভিযোগ

ডা. মনীষার নির্বাচনি অফিস নির্মাণে বাধার অভিযোগ

নির্বাচনি অফিস নির্মাণ ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী।

বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল বিএম কলেজ এলাকায় প্রচারণা শেষে তিনি এই অভিযোগ করেন।

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বরিশালের চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মই মার্কার নির্বাচনি অফিস নির্মাণে এই ঘটনা ঘটে।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, আমরা ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। নির্বাচনে সাধারণ মানুষ বাসদের মই মার্কার পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা তার। এ সময় তিনি ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। পরে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এদিকে নির্বাচনি অফিস নির্মাণে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এক বিবৃতিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম এবং সদস্যসচিব বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল হাওলাদার প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত ‘মই’ মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর নির্বাচনি কার্যালয় নির্মাণ করা হচ্ছিল। এ সময় সবুজ নামে এক ব্যক্তি এসে ওয়ার্ড ছাত্রনেতা হিসেবে পরিচয় দিয়ে অফিস নির্মাণ করতে বাধা প্রদান করেন। জায়গাটি সরকারি হলেও সেখানে তার ব্যক্তিগত জমি আছে বলে দাবি করেন এবং মই মার্কার অফিস করতে নিষেধ করেন। এই ধরনের ঘটনা চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরায় এবং আরও কয়েকটি জায়গায় পরিলক্ষিত হয়েছে।

তারা আরও বলেন, ১৭ বছরের স্বৈরাচারী শাসন ব্যবস্থা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অবসান ঘটিয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনের সময় যদি এই ধরনের অগণতান্ত্রিক আচরণ কোনো দলীয় জায়গা থেকে পরিলক্ষিত হয় তাহলে তা ভবিষ্যতে আবারও স্বৈরাচারী শাসন ফিরে আসার আলামত বহন করে। দলটির নেতারা এ ধরনের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানান।

তারা বলেন, মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এ ধরনের আচরণ করা হয়েছে বলে প্রতীয়মান হয়। জনগণকে এ ধরনের অগণতান্ত্রিক আচরণ দেখে সতর্ক হওয়ার আহ্বান জানান এবং জনগণের প্রার্থী মনীষা চক্রবর্তীকে মই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও তিন চাকার যান চলাচলের বৈধতার দাবিতে রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই বরিশালে পরিচিত হয়ে ওঠেন বাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। তিনি বরিশাল জেলা বাসদের সমন্বয়ক। দেড় দশকের বেশি সময় ধরে তিনি নগরের প্রান্তিক ও শ্রমজীবী মানুষের নানা দাবিতে সক্রিয়। ২০১৮ সালের ১৯ এপ্রিল রিকশা উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন মনীষা। ওই ঘটনার পর দেশজুড়ে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে বরিশাল সদর-৫ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।