প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত ছাড়া স্থানীয় নির্বাচন নয়: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি সাধারণ প্রতীকে হবে, তা সংসদ সিদ্ধান্ত নেবে। প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন নয়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিলেটে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এর আগে, সিলেট সিটি করপোরেশনের কর্মকতা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন করেন।
মীর শাহে আলম বলেন, বিগত সরকারের সময় আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় প্রতীক বা দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয়েছে এবং সেটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন হওয়ার ব্যাপারে একটা অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারি করেছে। আগামী ১২ মার্চ অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। পার্লামেন্ট কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা কোনটি করবে না এটা ওইদিন সিদ্ধান্ত হবে।
তিনি আরও বলেন, প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। অধ্যাদেশ গ্রহণ হলে সংসদে আইন আকারে পাস করতে হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন হবে।
সিসিকে চলমান ও প্রক্রিয়াধীন সব প্রকল্প নিয়ে আলোচনা করে সিলেটের জলাবদ্ধতা, খাল খননসহ নতুন প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া সুরমা নদী এবং ছড়া বা খালের প্রকল্প নতুন করে উপস্থাপন করলে মন্ত্রণালয় থেকে একনেক বা প্ল্যানিং কমিশনে পাঠিয়ে দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে বলে জানান।
এর আগে, সকালে সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরবর্তীতে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।