বেশি দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে পান্না ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় পান্না ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় পেট্রোল, অকটেন ও ডিজেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অভিযান পরিচালনার এ উদ্যোগ ভোক্তাদের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা সৃষ্টি করেছে।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।