হাট মাতাচ্ছে ১৪০০ কেজির ‘টাইসন’ দাম হাঁকা হচ্ছে ১১ লাখ

কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে রাজধানীর আশপাশের পশুর হাট। আর সেই হাটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিশাল আকৃতির ষাঁড় ‘টাইসন’। ঢাকার কেরানীগঞ্জের রসুলপুর মাদ্রাসা পশুর হাটে আনা ১৪০০ কেজি ওজনের এ গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শুধু গরুটি একনজর দেখতে নয়, অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে হাটজুড়ে সৃষ্টি হয়েছে বাড়তি উৎসবমুখর পরিবেশ।
জুবাইদা এগ্রোর খামারি গাজী জাহাঙ্গীর জানান, আড়াই বছর বয়সি ভাটি ক্রস জাতের এ ষাঁড়টির নাম রাখা হয়েছে ‘টাইসন’। সাদা-কালো রঙের গরুটির উচ্চতা প্রায় ৬৭ ইঞ্চি এবং দৈর্ঘ্য প্রায় ৯ ফুট। জন্মের পর থেকেই প্রাকৃতিক উপায়ে ঘাস, খড়, ভুসি ও দেশীয় খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।
তিনি দাবি করেন, টাইসনকে মোটাতাজা করতে কোনো ধরনের স্টেরয়েড বা ক্ষতিকর ইনজেকশন ব্যবহার করা হয়নি। নিয়মিত পরিচর্যা ও পুষ্টিকর খাবারের কারণেই গরুটি অস্বাভাবিক বড় আকার ধারণ করেছে।
খামারি আরও জানান, গরুটির দাম হাঁকা হয়েছে ১১ লাখ টাকা। তবে এখন পর্যন্ত ক্রেতারা সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন।
হাটে আসা দর্শনার্থী তাবিবুর রহমান বলেন, এত বড় গরু কাছ থেকে আগে দেখিনি। তাই পরিবার নিয়ে দেখতে এসেছি। অনেকেই টাইসনের সঙ্গে ছবি তুলছেন।
হাটের ইজারাদার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে এখনো পুরোপুরি জমে ওঠেনি হাট। তবে টাইসনকে ঘিরে মানুষের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। আশা করছি, হাটেই ভালো দামে বিক্রি হবে গরুটি।
