একসঙ্গে এনসিপির ৪ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের চার নেতা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে তাদের পদত্যাগপত্র পাঠিয়েছেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে জেলা আহ্বায়ক মো. আলাউল হক ছাড়াও রয়েছেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
এ বিষয়ে আলাউল হক জানান, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের সাংগঠনিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
নাজমুল হুদা খান রুবেল দলের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, তারা একটি সুস্থ রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি প্রথম গঠিত হয়েছিল। পরে তাকেই আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হয়।